নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছে চট্টগ্রাম বিএনপি

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামে বিএনপির সমাবেশ ও গণমিছিল দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামের রাজপথে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছে বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ এই হুশিয়ারি দেন দলটির নেতারা।

তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় এখন মহানগর থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এসময় অভিযোগের সুরে তিনি বলেন, স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে। একই সঙ্গে কোনো ধরনের উসকানি বা গুজবে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকেছেন, ভবিষ্যতেও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় তারা রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন।

মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানছ

এছাড়া আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, শ্রমিক দল নেতা নুরুন্নাবাহার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা গণমিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি ওয়াসার মোড়ে গিয়ে শেষ হয়।