মুহুরী-কহুয়া বাঁধ ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে: পানিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধনের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। তিনি বলেন, এ বাঁধ বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘরে ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে যা যা প্রয়োজন, সরকার সবই করবে। ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দুর্দশা লাঘবে বর্তমান সরকার ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটি উদ্বোধন করতে আগামীকাল ফেনী সফর করবেন বলেও জানান তিনি।

এ্যানি চৌধুরী আরও বলেন, মুহুরী-কহুয়া বাঁধ শুধু একটি অবকাঠামো নয়; বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষের জানমাল, কৃষি ও জীবিকা সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার বানু উপস্থিত ছিলেন। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।