গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩, দাবি সরকারি মিডিয়া অফিসের

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। বুধবার এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার পর এ সংখ্যা ২৬৩-তে পৌঁছায়। খবর আনাদুলু এজেন্সি।

সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলি ড্রোন হামলায় সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার নিহত হন। তিনি ধর্ম মন্ত্রণালয়ের অধীন কোরআন রেডিওতে সাংবাদিক ও উপস্থাপক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর পরই গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৬৩-তে পৌঁছায়।

এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা, হত্যা ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ফেডারেশন অব জার্নালিস্টস, ফেডারেশন অব আরব জার্নালিস্টসসহ বিশ্বের বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যম সংগঠনকে এসব ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তারা। 

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও এসব ঘটনার বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নিশ্চিত করার এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ সময় উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। 

২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও সেখানে ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।