ঢাবি শিক্ষক জিনাত হুদা বরখাস্ত

জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষাপটে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অভিযোগের বিস্তারিত অনুসন্ধানে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 অধ্যাপক জিনাত হুদা দুই মেয়াদে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি রোকেয়া হলের প্রাধ্যক্ষ, সিনেটের নির্বাচিত সদস্য এবং ঢাবির শিক্ষক রাজনীতিতে নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।