গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে সাঁতার কাটতে গিয়ে ইমন ও রিফাত নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানান, বিকেলে পাঁচজন শিশু তুরাগ নদীতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদীর স্রোতে ইমন ও রিফাত ডুবে যেতে থাকে। এ সময় সঙ্গে থাকা অপর তিন শিশু ভয়ে নদী থেকে উঠে আসে। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তুরাগ নদীতে তল্লাশি শুরু করে। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি। নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে তাদের স্বজনরা নদীর তীরে অপেক্ষা করছেন। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। এখনো শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে স্রোত থাকায় তাদের সন্ধান পেতে সমস্যা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’