প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কে বিএনপির নেতা-কর্মীদের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন মোড়ে জড়ো হয়ে দুই পাশে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম ফেনী সফর।

সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনকাজের উদ্বোধন করবেন। এ ছাড়া বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কের নিরাপত্তায় প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

জমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিতে শুরু করেন। কেউ ব্যানার নিয়ে, কেউবা দলীয় পতাকা হাতে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকেন।

যুবদল নেতা আসাদুল নাঈম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান দ্বিতীয়বারের মতো কুমিল্লার মাটি অতিক্রম করছেন। তাকে সরাসরি একনজর দেখার জন্য সকাল সাতটা থেকেই তারা মহাসড়কে অবস্থান করছেন।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত রয়েছেন। তিনি নিজে গৌরীপুর এলাকায় হাজার হাজার নেতা-কর্মী নিয়ে অবস্থান করছেন।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করার জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।