গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন

সফটওয়্যার প্রকৌশল, আইন, অর্থনীতি ও সাইবার নিরাপত্তার মতো জটিল কাজে দীর্ঘ সময় ধরে গভীরভাবে যুক্তি প্রয়োগ করতে সক্ষম নতুন ফ্রন্টিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন করেছে গুগল। বুধবার (৩০ সেপ্টেম্বর) মডেলটি উন্মোচনের পাশাপাশি বিশ্বস্ত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কাছে এর প্রাথমিক ব্যবহার শুরু করেছে কোম্পানিটি। খবর আনাদোলু এজেন্সির। 

গুগল ডিপমাইন্ডের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান এআই স্থপতি কোরে কাভুকচুওগ্লু এক ঘোষণায় বলেন, 'আজ আমরা আমাদের নতুন ফ্রন্টিয়ার মডেল, জেমিনি ৪ আর্গন উন্মোচন করছি।'

প্রাথমিক পর্যায়ে ফেয়ারউইন্ড প্রোগ্রামের আওতায় নির্বাচিত অংশীদারদের আর্গন ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রি-রিলিজ এআই মডেলের সীমিত পরীক্ষামূলক ব্যবহারের বিষয়ে মার্কিন সরকারের স্বেচ্ছামূলক প্রক্রিয়াতেও অংশ নিচ্ছে গুগল। 

কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে মতামত সংগ্রহ এবং মডেলটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার পর যত দ্রুত সম্ভব ডেভেলপার, প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য আর্গন উন্মুক্ত করা হবে।

গুগলের দাবি, আর্গন স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে, সেগুলোর কার্যকারিতা যাচাই করতে এবং প্রয়োজনীয় প্যাচ তৈরি করে ত্রুটি সমাধান করতে পারে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এ সক্ষমতাকে মডেলটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছে কোম্পানিটি।

নতুন মডেলটির আউটপুট সীমা ৬৪ হাজার টোকেন থেকে বাড়িয়ে ১০ লাখ টোকেনে উন্নীত করা হয়েছে। এর ফলে আর্গন আরও দীর্ঘ সময় ধরে জটিল যুক্তি, বিশ্লেষণ ও কনটেন্ট তৈরির কাজ চালিয়ে যেতে পারবে।

গুগল আরও জানিয়েছে, ইতোমধ্যে কোম্পানিটির হাজারো কর্মী বিশেষায়িত কোডিং, গবেষণা ও লেখালেখির কাজে জেমিনি ৪ আর্গন ব্যবহার করছেন।

বিস্তৃত পরিসরে উন্মুক্ত হওয়ার আগে গুগল আর্গনের সক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থা আরও যাচাই করছে। কোম্পানিটির লক্ষ্য, ব্যবহারকারীদের হাতে মডেলটি পৌঁছানোর আগে বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে এর কার্যকারিতা ও নিরাপত্তা আরও উন্নত করা।