বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

দিনাজপুরের বিরামপুরে ডোবার পানিতে পড়ে মেহজাবিন আক্তার (২) ও তাহিয়া জান্নাত হুজাইফা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহজাবিন আক্তার ওই গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে এবং তাহিয়া জান্নাত হুজাইফা তরিকুল ইসলামের মেয়ে। সকালে তারা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে দৌড়াদৌড়ি করার সময় প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায় দুই শিশু।  

কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাদের ডোবার পানি থেকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই মেহজাবিনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।