সরকার গঠনের পর প্রথমবার ফেনী সফর করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সড়কপথে ফেনীতে প্রবেশের পর তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘প্রধানমন্ত্রী তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল কর্মসূচি ফেনীর সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলায়। দিনব্যাপী সফরে তিনি উন্নয়ন প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সম্মানি কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচির শুরুতে প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় যাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী সড়কপথে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। কলেজ প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় সড়কপথে ফেনী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। এসএসএফের পাশাপাশি দুই হাজারের বেশি পুলিশ সদস্য, এসআরবি, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগাড র্আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সভাস্থল ও আশপাশের এলাকাকে রেড, ইয়েলো ও হোয়াইট-তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। সফরকেন্দ্রিক যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।
প্রায় দুই দশক আগে ফেনীতে এসেছিলেন তারেক রহমান। তবে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম ফেনী সফর।
প্রধানমন্ত্রীর এবারের সফরটি প্রথমে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি ফেনীতে এলেন।