শৃংখলা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

কোচ জর্জ জেসুসের সাথে মতপার্থক্যের জের ধরে হুট করে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর বড় ধরনের আইনি ও শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, সর্বোচ্চ ছয় মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও হতে পারে ৪০ বছর বয়সী এই মহাতারকার।

ঘটনার সূত্রপাত উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে কোচ জর্জ জেসুসের বক্তব্যকে কেন্দ্র করে। ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জেসুস স্পষ্ট জানান, একাদশ নির্বাচন ও কারিগরি যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার কেবল তারই। কোচের এই মন্তব্যের পরপরই এবং ফেডারেশন সভাপতির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর কোপেনহেগেন থেকে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে স্পেনের মাদ্রিদে উড়াল দেন পর্তুগিজ অধিনায়ক।

স্প্যানিশ ক্রীড়াদৈনিক ‘মার্কা’ পর্তুগালের ‘ও জোগো’-র বরাত দিয়ে জানিয়েছে, সিআরসেভেনের এই প্রস্থান অন্যায্য প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সংবিধানে। ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৬০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী:
 
নিয়মমাফিক ডাক পাওয়ার পর যুক্তিসংগত কারণ ছাড়া ক্যাম্প, অনুশীলন বা কোনো অফিশিয়াল কার্যক্রম ছেড়ে গেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১ থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
 
১৬০ অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদ অনুযায়ী, অনুমতি ছাড়া ক্যাম্প ত্যাগ করলে ওই ফুটবলার তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আওতায় আসবেন।
 
পেশাদার ফুটবলারদের ক্ষেত্রে ৫ থেকে ১০ ‘অ্যাকাউন্টিং ইউনিট’ জরিমানা হতে পারে, যা অঙ্কের হিসাবে প্রায় ৫০০ থেকে ১,০০০ ইউরো।
 
পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে রোনালদোর দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেও এর নেপথ্য কারণ ব্যাখ্যা করেনি। অবশিষ্ট ২৪ জন ফুটবলারকে নিয়ে ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি চলছে জানিয়ে ফেডারেশন জানায়, পুরো দল পরবর্তী লক্ষ্য পূরণে পূর্ণ মনোযোগ ধরে রেখেছে।
 
পতুর্গাল দল ছেড়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রোনালদো জানিয়েছেন, 'জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর আমি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। যথাসময়ে পর্তুগালের সমস্ত মানুষের কাছে আমি সেই সত্যি তুলে ধরব, যা আমাকে জাতীয় দল ছাড়তে বাধ্য করেছে। এখন কেবল দল ও সতীর্থদের শুভকামনা জানানোর সময়।'

পর্তুগালের জার্সিতে রেকর্ডসংখ্যক ম্যাচ ও গোল করা এই ফরোয়ার্ডের জন্য এই সিদ্ধান্ত জাতীয় দলের ক্যারিয়ারেরই সমাপ্তি টেনে দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।