কুড়িগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে হুরমুজ আলীনামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষের সময় বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত হুরমুজ আলী (৬৫) ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় সেলিম মেম্বারের পক্ষের লোক।

স্থানীয় ও নয়ারহাট ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ জানান, নয়ারহাট ইউনিয়নের সেলিম মেম্বার ও তোতা মিয়ার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি একটি মামলায় সেলিম মেম্বারের পক্ষে রায় আসে। এরপর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখলে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তোতা মিয়ার পক্ষ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই হুরমুজ আলী নিহত হন। আহতদের মধ্যে রাজা মিয়া, তারিফুল ও শহিদ মিয়াসহ কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ঘটনাস্থলে আছি। নিহত ব্যক্তির সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।