রাজধানীর মিরপুর-১ এলাকায় প্রান্তিক মানুষের সেবা নিশ্চিতকারী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র)-এ গত ২৪ সেপ্টেম্বর নজিরবিহীন হামলা, লুটপাট ও ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেদিন কী ঘটেছিল রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে। পাশাপাশি পুলিশ ও সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনিক ব্যবস্থাগ্রহণের উদ্যোগ।
আড়াইশ’ মুখোশধারীর হামলা
রাত ১২টার দিকে আনুমানিক আড়াইশ জনের একদল সশস্ত্র মুখোশধারী হামলাকারী নিরাপত্তা কর্মীদের জিম্মি করে প্রতিষ্ঠানটিতে তাণ্ডব চালায়।
তারা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। প্রায় ৫০ বছর ধরে সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও টিকাদান প্রদানকারী প্রতিষ্ঠানটির প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
জমি দখলই মূল উদ্দেশ্য
হামলার শিকার কেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে সন্ত্রাসী দলটি ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালায়। তারা ক্লিনিকে প্রবেশ করে সরকারি ইপিআই টিকা, রেজিস্টার খাতা, প্রয়োজনীয় ওষুধ, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন লুট করে নিয়ে যায়। এছাড়া ল্যাবরেটরির সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, জেনারেটর, এসি, ফ্রিজ ও সিসিটিভি ক্যামেরাসহ সমস্ত আসবাবপত্র তছনছ করা হয়। ঘটনার পরপরই কেন্দ্রটিতে নিরাপত্তা ঝুঁকি ও আতঙ্কের কারণে চলমান স্বাস্থ্যসেবাসহ পূর্বনির্ধারিত সরকারি হাম-রুবেলা ক্যাম্পেইন অনিশ্চিত হয়ে পড়ে।
‘সুপরিকল্পিত সন্ত্রাসী ষড়যন্ত্র’
ডা. নাসরিন আখতার বলেন, এটি নিছক কোনো চুরি বা ডাকাতি নয়; বরং প্রান্তিক ও অসহায় মা এবং শিশুদের স্বাস্থ্যসেবার অধিকার কেড়ে নেওয়ার একটি সুপরিকল্পিত সন্ত্রাসী ষড়যন্ত্র। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়।
খোলা আকাশের নিচে টিকাদান
২৬ সেপ্টেম্বর দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলে রাড্ডার স্বাস্থ্যকর্মীরা সেদিন থেকে ধ্বংসস্তুপের পাশে খোলা আকাশের নিচে টেবিল পেতে শুরু করেন টিকাদান কর্মসূচি। সকাল থেকেই স্থানীয় মায়েরা ছোট ছোট শিশু কোলে লাইন দিয়ে বাচ্চাদের টিকা দেন।
স্বাস্থ্যকর্মীরা জানান, ক্ষতিগ্রস্ত ভবন থেকে তারা কিছু টিকার সামগ্রী অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন, তা-ই দিয়ে কোন রকমে চলছে তাদের কার্যক্রম।
ফিরল রাড্ডার সাইনবোর্ড
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সচেতন অধিবাসী, রাজনৈতিক নেতাকর্মী এবং ক্লিনিক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিতর্কিত ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ডটি অপসারণ করে। সেখানে পুনরায় স্থাপন করা হয় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মূল সাইনবোর্ড।
গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার, ওসি ক্লোজড
‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, এ ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে শাহ আলী থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পাশাপাশি ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে শাহ আলী থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে (ক্লোজড) সংযুক্ত করা হয়। আদেশে অবিলম্বে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এমপি মিষ্টির পদত্যাগ
একটি জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও জমি দখলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার নিরপেক্ষ ও কঠোর তদন্তের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় সরকার ও বিএনপি দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করে।
পরে এ ঘটনায় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনদের নাম উঠে এলে প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন। নির্দেশ বাস্তবায়নে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন।