মরিয়মের আত্মহত্যা: এমপি নজরুলের মামাশ্বশুর ওবায়দুর চার দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের মামাশ্বশুর (মরিয়মের মামা) ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে ওবায়দুরের জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন ওবায়দুর রহমানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে এমপি নজরুলের জামিনের আবেদন নাকচ করা হয়। জামিন আবেদনে বলা হয়, বাদীর সঙ্গে এমপি নজরুলের আপস হয়েছে এবং তাদের দুজনকে জামিন দেওয়া হলে বাদীর কোনো আপত্তি নেই। এ সময় বাদী আদালতের কাঠগড়ায় উপস্থিত থেকে সম্মতি জানান।

গত ২১ সেপ্টেম্বর ঢাকার একটি আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৪ সেপ্টেম্বর তাদের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২০ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকে ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

ওই রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।