আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু করেছে। 

ডাবলিন শহরের বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিসে দূতাবাস প্রশাসনিক কাজ শুরু করেছে।  

আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) মিশনে যোগদান করেছেন। তিনি শীঘ্রই দেশটির রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

বর্তমানে প্রায় ২৫,০০০ প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাস করছেন। দূতাবাস পরবর্তীতে পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য কনস্যুলার সেবা শুরু করবে।