রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।
ওসি রাকিবুলের শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহিন। রাকিবুলের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় করা এ মামলায় গত ২৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রথম দফায় পাঁচ দিন এবং ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
সম্প্রতি সাবেক ওসি মো. রাকিবুল হাসান ও অজ্ঞাতনামা এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু মন্তব্য করতে শোনা যায়। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়।