প্রি-শিপমেন্ট ঋণে সুদহার কমল

রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ঋণপ্রাপ্তি সহজ করতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় তহবিলের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ স্কিমের আওতায় নতুন ঋণ বিতরণে গ্রাহক পর্যায়ে সুদহার সর্বোচ্চ ৬ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অংশগ্রহণকারী ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া পুনঃঅর্থায়ন সুবিধার সুদহার ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলার অনুযায়ী, রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে ২ হাজার কোটি টাকা স্থানান্তর করে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ৮৭ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে ইএফপিএফের অবশিষ্ট তহবিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ইএফপিএফের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ঋণ সহায়তা দেওয়া হয়।