এশিয়ান গেমসে পুরুষ হকিতে চীনের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ৭-১ গোলের এই পরাজয়ে শুধু পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগই হারায়নি লাল-সবুজের দল, ২০২৮ অলিম্পিকের হকি বাছাইপর্বে খেলার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। চীনের বিপক্ষে জিততে পারলে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পেত বাংলাদেশ। এর সঙ্গে মিলত ২০২৮ অলিম্পিকের বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগও। এশিয়ান হকি টুর্নামেন্ট ডাইরেক্টর গোলাম গাউস জানিয়েছেন, এশিয়ান গেমসের শীর্ষ ছয় দল পরবর্তী এশিয়ান গেমসে সরাসরি খেলার পাশাপাশি অলিম্পিক বাছাইয়েও এশিয়ার প্রতিনিধিত্ব করবে। ম্যাচ শেষে বাংলাদেশের জার্মান কোচ পিটার গেরহার্ড দলের বড় হার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, চীনের কাছে সাত গোলের ব্যবধানে হারার মতো দল বাংলাদেশ নয়।