জনগণ নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে: সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘বাংলার মাটিতে স্বৈরাচার ও পতিত গোষ্ঠী আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না। দেশের জনগণ আর কখনো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে চট্টগ্রাম-১০ আসন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, ‘জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। এখন আমাদের লড়াই সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। শুধু নিজেদের জন্য নয়, সমাজের পিছিয়ে পড়া শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায় কাজ করতে হবে। রাজনীতি মানেই মানুষের সেবা। আমাদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত নাজুক। এটি নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক ভূমিকা রাখতে হবে। মানুষের সেবা করার সুযোগ সবসময় আসে না। তাই সবাইকে মানবিক ও জনকল্যাণমূলক কাজে নেমে পড়তে হবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় সমাবেশে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে সাগরিকা মোড়ে গিয়ে শেষ হয়।