কুমিল্লায় নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় চাঁদা না দিলে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য আনা একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি-১১। পরে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার মোমিন কোতোয়ালি মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিনকে গ্রেপ্তার করা হয়। চাঁদা না দিলে রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী জোর করে নিয়ে যাওয়ার জন্য সেখানে একটি ট্রাক আনা হয়েছিল। অভিযানের সময় ট্রাকটি জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, মোমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য।

এসআরবি-১১ আরও জানিয়েছে, মোমিনের সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এসআরবি-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযানটি চালানো হয়েছে। গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।