মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত

রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ অক্টোবর) সকালে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে অবস্থিত প্রকল্পের ১ নম্বর ভবনে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়েছে।

তারা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। জানা গেছে, দুর্ঘটনায় আহত নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে সরাসরি আমাদের এখনও জানানো হয়নি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।