চট্টগ্রামে সহকারী ভারতীয় হাইকমিশনের সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশন বিশেষ সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা (বিচ ক্লিনিং) কর্মসূচির আয়োজন করেছে। দেশব্যাপী চলমান ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) পতেঙ্গা সমুদ্রসৈকতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

‘স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ‘সেবা পখওয়াড়া ২০২৬’ কর্মসূচির অধীনে এ উদ্যোগ নেওয়া হয়। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশন দেশজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এ বিশেষ সপ্তাহ উদযাপন করছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চলে। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ভারতের সহকারী হাইকমিশনার, সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মসূচিতে বিশেষ মাত্রা যোগ করে চট্টগ্রামের সিডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী। তরুণ শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পতেঙ্গা সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জমা দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী ও সদস্যের মাঝে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের থিমসংবলিত বিশেষ টি-শার্ট উপহার দেওয়া হয়। সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগ সফল করতে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও ট্যুরিস্ট পুলিশ।

চট্টগ্রামের ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তরুণ প্রজন্মের হাত ধরে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার এ সামাজিক বার্তা স্থানীয় দর্শনার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করেছে।