ভোলায় ‘কাব্যাঙ্গন’র প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিচর্চার মধ্য দিয়ে বাংলা ভাষার সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রমিত উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা’। কাব্যাঙ্গনের আয়োজনে ১ অক্টোবর শুরু হওয়া এ কর্মশালা চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় আবৃত্তি ও বাচিকচর্চায় আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশ নিচ্ছেন। কর্মশালায় প্রমিত বাংলা উচ্চারণ, বাচনভঙ্গি, কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, আবৃত্তির উপস্থাপন কৌশল, ছন্দ ও কবিতার ভাব প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় আমন্ত্রিত আবৃত্তি প্রশিক্ষক হিসেবে রয়েছেন পলি পারভীন, মজুমদার বিপ্লব ও শ্রাবণী সুলতানা। বিশেষ প্রশিক্ষক হিসেবে রয়েছেন সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার আসিফ আলাউদ্দিন।

কাব্যাঙ্গনের আয়োজনে এ কর্মশালার মূল লক্ষ্য হলো প্রমিত উচ্চারণের চর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে আবৃত্তি ও বাচিকশিল্পের প্রতি আগ্রহ তৈরি করা। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কণ্ঠস্বর, উচ্চারণ, শব্দপ্রক্ষেপণ এবং কবিতার ভাব ও অনুভূতি প্রকাশের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, সাংস্কৃতিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম আবৃত্তি। নিয়মিত আবৃত্তিচর্চার মাধ্যমে ভাষার শুদ্ধ ব্যবহার, সুন্দর উপস্থাপন এবং আত্মবিশ্বাস তৈরির সুযোগ সৃষ্টি হয়। ভোলায় এ ধরনের আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের শিল্পী তৈরিতে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

তিন দিনের এ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সরাসরি প্রশিক্ষণের পাশাপাশি প্রমিত উচ্চারণ ও আবৃত্তির বিভিন্ন বিষয়ে ব্যবহারিক অনুশীলন করানো হচ্ছে।