প্রতিশোধের জয়ে লিগ শুরু মোহামেডানের

বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়িয়ে দেশের ঘরোয়া ফুটবল, বাংলাদেশ ফুটবল লীগ। সেখানে জয় দিয়ে মৌসুম শুরু করলো মোহামেডান। জাহিদ হাসান শান্তর একমাত্র গোলে ফকিরেরপুলকে হারিয়েছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম সিটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ পুলিশ। আর পিডব্লিউডি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি হয়েছে ১-১ গোলের ড্র। 

গত বছরের জানুয়ারিতে এই ফকিরেরপুলের কাছে হেরে ঐতিহাসিক এক হোঁচট খেয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি, যা ছিল পেশাদার যুগে ফকিরেরপুলের বিপক্ষে তাদের প্রথম পরাজয়। সেই পুরোনো ক্ষতে প্রলেপ দিতে চাঁদপুর স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে সাদাকালোরা। ম্যাচের ১৮তম মিনিটে কাঙ্ক্ষিত সেই সাফল্যের দেখা মিলে; উজবেক মিডফিল্ডার ও অধিনায়ক মোজাফফরভের নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন জাহিদ শান্ত।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা না মিললেও এই একটি গোলই মোহামেডানের প্রতিশোধের জয় নিশ্চিত করে।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ফকিরেরপুল। আগের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে দারুণ পারফর্ম করা সোলাইমান সিল্লা ও সাইফরা এদিনও মোহামেডানের রক্ষণভাগে বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছিলেন।

কিন্তু সাদাকালোদের গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর মতো দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন নতুন যোগ হওয়া নির্ভরযোগ্য গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সাদাকালো জার্সিতে নিজের প্রথম ম্যাচেই দারুণ আস্থার পরিচয় দিয়ে প্রথমার্ধে ফকিরেরপুলের জোড়া আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। অন্যদিকে, বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের দুর্বলতার কারণে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

মৌসুমের অন্য ম্যাচগুলোতেও ছিল বেশ উত্তাপ; দিনের অন্য ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাদার্স ইউনিয়ন, আর বাংলাদেশ পুলিশ দল ৩-০ গোলের বড় ব্যবধানে চট্টগ্রাম সিটি এফসিকে হারিয়ে নিজেদের শক্তির জোরালো বার্তা দিয়ে রাখল। পুলিশের হয়ে গোলগুলো করেছেন মানিক মোল্লা, জুনিয়র স্যাম ও শফিক কাগিমু।