চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত অপারেটর বলেন, পরিত্যক্ত বগিতে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেও একই স্থানে আগুন লাগে। তবে কারা এর সাথে জড়িত তা উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। একটি সংঘবদ্ধ চক্র রেলের যন্ত্রাংশ চুরির জন্য এমন কাজ করতে পারে ধারণা করেন স্থানীয়রা।