গাজীপুরের স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ভ্রমণ শেষে পর্যটন নগরী কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজনের একজন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং অপরজন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার বিমানবন্দর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জ। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আবদুল হাই মৃধার ছেলে।

অপরজন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম। তিনি মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দীন শেখের ছেলে।

বিমানবন্দর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলার দুই আসামি কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর নাসির উদ্দীন মৃধা জর্জ ও শেখ জাহাঙ্গীর আলমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, নাসির উদ্দীন মৃধা জর্জ ও শেখ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিমানবন্দর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।