চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের সঙ্গে গেরিলা বাহিনীর সভাপতির কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ওই ব্যক্তি নিজেকে গেরিলা বাহিনীর সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি না করতে পুলিশ সুপারকে অনুরোধ করেন। এ সময় তিনি এসপি মাসুদ আলমকে তাঁর বিষয়ে ‘নেত্রী’ শেখ হাসিনার কাছে ভালো প্রতিবেদন দেওয়ার কথাও বলেন।
আজ শুক্রবার(২ অক্টোবর) কথোপকথনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ রুবেল দাবি করেন।
তাকে বলতে শোনা যায়, নেত্রী কিন্তু ডিসেম্বরে আসছেন। আমরা কিন্তু পুলিশ হত্যার বিচার করব। আপনি জানেন, আপনাদের অনেক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। আপনার এখনো অনেক বছর চাকরির বয়স আছে। আপনার কাছে অনুরোধ, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করবেন না।
এর জবাবে এসপি মাসুদ আলমকে বলতে শোনা যায়, ‘আমি সব সময় প্রফেশনালিজম মেইনটেইন করে চাকরি করেছি। আপনার কোনো স্পেসিফিক বিষয় থাকলে দিয়েন, আমি দেখব। এরপর ওই ব্যক্তি বলেন, ‘আপনার বিষয়ে নেত্রী বা শেখ হাসিনাকে ভালো রিপোর্ট দেব।’
ভিডিওতে ওই ব্যক্তির পরিচয় বা কথোপকথনের স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তিনি যে সত্যিই গেরিলা বাহিনীর সাবেক সভাপতি ছিলেন, ভিডিও থেকে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কথোপকথনের বিষয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য জানতে শুক্রবার(২ অক্টোবর) রাত ৮ টার দিকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেলের সঙ্গে যোগাযোগ করা হয়, তাকেও পাওয়া যায়নি।