‘উপযুক্ত পুরস্কার’ পড়ে যা শিখলাম

শিশুসাহিত্যিক আখতার হুসেনের লেখা ‘উপযুক্ত পুরস্কার’ গল্পটি পড়ে আমার কাছে মনে হয়েছে, একটি গল্পের মাধ্যমে সততা, দায়িত্ববোধ ও লোভের পরিণতি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গল্পটি পড়তে পড়তে যেমন মজা পেয়েছি, তেমনি নিজের জীবনেও কাজে লাগানোর মতো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি।

গল্পের প্রধান ফটকের রক্ষী নিজের দায়িত্বের সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে সেলামি বা ঘুষ নিত। তার কাছে এটি হয়তো বাড়তি উপার্জনের একটি উপায় ছিল। কিন্তু সে বুঝতে পারেনি, অন্যায়ভাবে পাওয়া অর্থ কখনো প্রকৃত সুখ বয়ে আনে না। বরং একসময় সেই অন্যায়েরই মূল্য দিতে হয়।

বীরবল রক্ষীর অন্যায় জানতে পেরে তাকে একটি বুদ্ধিদীপ্ত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। তিনি ছদ্মবেশে রক্ষীর কাছে গিয়ে বলেন, বাদশাহর কাছ থেকে যে পুরস্কার পাবেন, তার অর্ধেক তাকে দেবেন। লোভে পড়ে রক্ষী রাজি হয়ে যায়। কিন্তু বীরবল বাদশাহর কাছে পুরস্কার হিসেবে অর্থ বা ধনরতœ না চেয়ে একশো ঘা চাবুক চান। পরে সেই চাবুকের অর্ধেক রক্ষীকে দেওয়ার ব্যবস্থা করেন। এভাবেই রক্ষী তার লোভ ও অন্যায়ের উপযুক্ত পুরস্কার পায়।

এই গল্প থেকে আমি শিখেছি, লোভ মানুষকে অনেক সময় নিজের বিপদ নিজেই ডেকে আনতে বাধ্য করে। রক্ষী যদি লোভের বশবর্তী না হয়ে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করত, তাহলে তাকে এমন শাস্তি পেতে হতো না। তাই জীবনে কোনো সুযোগ সামনে এলে শুধু কী লাভ হবে তা না ভেবে, কাজটি ন্যায়সংগত কি না, সেটিও ভাবতে হবে।

গল্পের শিক্ষাটি আমরা নিজের জীবনেও কাজে লাগাতে পারি। স্কুলে কোনো দায়িত্ব পেলে তা সততার সঙ্গে পালন করব। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করব না। বন্ধুর কোনো জিনিস বা সুযোগ অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করব না। কেউ ভুল করলে শুধু তাকে নিয়ে হাসাহাসি না করে, ভুলটি বুঝতে সাহায্য করার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, সামান্য লাভের জন্য এমন কোনো কাজ করব না, যার পরিণতি পরে আমাকে লজ্জায় ফেলতে পারে।

গল্পটি আমাকে আরও একটি বিষয় ভাবিয়েছে। আমরা প্রায়ই ‘পুরস্কার’ বলতে টাকা, উপহার বা কোনো মূল্যবান জিনিসকে বুঝি। কিন্তু কাজের ধরন অনুযায়ী পুরস্কারও ভিন্ন হতে পারে। ভালো কাজের জন্য সম্মান পাওয়া যেমন একটি পুরস্কার, তেমনি অন্যায় কাজের জন্য শাস্তি পাওয়াও এক অর্থে তার উপযুক্ত পরিণতি। তাই আমাদের কাজের আগে তার ফলাফল নিয়েও ভাবা উচিত।

আখতার হুসেনের ‘উপযুক্ত পুরস্কার’ গল্পটি আমার কাছে তাই শুধু বীরবলের একটি মজার গল্প নয়। এটি আমাকে শিখিয়েছে, দায়িত্বের জায়গায় সততা ধরে রাখতে হয়, লোভকে নিয়ন্ত্রণ করতে হয় এবং অন্যায়ভাবে পাওয়া সুবিধাকে কখনো সাফল্য মনে করা উচিত নয়। আমি বিশ্বাস করি, জীবনে বড় হওয়ার পাশাপাশি একজন সৎ ও দায়িত্বশীল মানুষ হওয়ার জন্য এই শিক্ষাগুলো আমার কাজে লাগবে।