হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসছে। এ উপলক্ষে ১ দিনের ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের মানুষ। এছাড়াও আসন্ন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে ভিন্ন ভিন্ন স্তরে ছুটির পার্থক্য রয়েছে। এবার পূজার ছুটির সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটিও। যাতে লম্বা হয়েছে ছুটি। সব মিলিয়ে দুর্গাপূজায় ৫ দিন থেকে শুরু করে ১৪ দিনও ছুটি পাবে কোনো কোনো প্রতিষ্ঠান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে ২২ তারিখ বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় : শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজায় ৯ দিন ছুটি থাকছে স্কুল। এদিকে এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি। তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর : মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে আগে-পরের দুটি সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি হিসাব করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৪ দিন।
বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি মিলিয়ে ৯-১২ দিনের ছুটিতে থাকবে বিশ্ববিদ্যালয়গুলো।