বিতর্কের মধ্যেই ছাত্রদল নেতার ফোনালাপ ফাঁস

কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির মিছিলে কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের অংশ নেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের সঙ্গে তার একটি ফোনালাপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট তিন সেকেন্ডের ওই ভিডিওতে মিছিলে রতনের অংশ নেওয়া এবং এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়ে দুজনকে কথা বলতে শোনা যায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাউড স্পিকারে মহসিনের সঙ্গে ফোনে কথা বলছেন রতন। এ সময় অন্য এক তরুণ তাদের কথোপকথন ভিডিও ধারণ করছেন। তবে ফোনালাপটি কবে রেকর্ড করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা নগরে যে কয়েকটি ‘কিশোর গ্যাং’ আলোচনায় রয়েছে, তার মধ্যে অন্যতম ‘রতন গ্রুপ’ বা ‘স্কোয়াড’। আধিপত্য বিস্তার, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যার মতো ঘটনায় গত কয়েক বছরে এ গ্রুপের নাম বারবার আলোচনায় এসেছে। রতন গ্রুপের সদস্যরা কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়, রানীর কুঠি, রানীর দিঘি, তালপুকুর পাড় ও ঝাউতলা এলাকায় প্রভাব বিস্তার করে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময়ে অন্য গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।  এ ছাড়া মাদক সেবন ও কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ আছে। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রতনকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে বেরিয়ে তিনি এলাকায় আছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপে রতনকে বলতে শোনা যায়, ‘কিতা কইছো তুমি এইডা? তুমি আবার হুনো না ভাই... এখন কইতাছি ভাই, আমরা কি আমরার লাইগ্যানি গেছিলাম প্রোগ্রামডাত?’

জবাবে মহসিনকে বলতে শোনা যায়, ‘আমি কি তোরে কইছি যে তোর লাইগ্যা আইছত, আমাগো লাইগ্যা আইছত না?... আমারে সাংবাদিকরা ফোন দিছে। তোর ভিডিও দেইখ্যা কইতাছে কিশোর গ্যাং, অস্ত্রধারী, হত্যা মামলার আসামি, কিশোর গ্যাংয়ের লিডার রতনের সাথে মহসিনকে পাওয়া গেছে।’

কথোপকথনের একপর্যায়ে রতন একাধিকবার ‘রুবেল ভাইয়ের প্রোগ্রাম’-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, রুবেল ভাইয়ের ডাকেই তিনি ওই কর্মসূচিতে গিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ‘রুবেল’ হলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম ওরফে রুবেল। এ বিষয়ে রুবেল বলেন, বড় কর্মসূচিতে তিনি অনেককে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে রতন কার সঙ্গে বা কীভাবে সেখানে এসেছিলেন, সে বিষয়ে তার কোনো দায় বা ধারণা নেই।

এর আগে মিছিলে রতনের অংশ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহসিন সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি দাবি করেন, রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় নেই। মিছিলে রতন কীভাবে তার পেছনে এসে দাঁড়িয়েছিলেন, সেটিও তিনি জানেন না। তবে নতুন করে ছড়িয়ে পড়া ফোনালাপে রতনের সঙ্গে তার কথোপকথন সামনে আসায় বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

মহসিন বলেন, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোনালাপটি রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্র।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ফোনালাপটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রকে জানানো হবে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ফোনালাপ পুলিশের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির মিছিলে রতনকে মহানগর ছাত্রদলের নেতা মহসিনের ঠিক পেছনে হাঁটতে দেখা যায়। পুলিশ রতনকে খুঁজছে।