বিডিনিউজের প্রধান সম্পাদক খালিদী মারা গেছেন

বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পুরোধা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যার কারণে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের ওই হাসপাতালে নেওয়া হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ কবে দেশে আনা  হবে তা এখনো নির্ধারণ হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেওয়া হবে।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গতকাল এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

এ ছাড়া পৃথক শোকবার্তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন দেশের অনলাইন সংবাদমাধ্যমের অন্যতম পথিকৃৎ। দেশের গণমাধ্যমের বিকাশ ও আধুনিক অনলাইন সাংবাদিকতার প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খালিদীর মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।