দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক অফিস আদেশে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার জারি করা অফিস আদেশে কাজের স্বার্থে ও জনস্বার্থে তাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। একই আদেশে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. ইসমাত কামালকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে।
এর আগে গত শনিবার ‘৮০ হাজারে মামলা মীমাংসা করেন পল্লী বিদ্যুতের জিএম’ শিরোনামে জিল্লুর রহমানকে নিয়ে দৈনিক দেশ রূপান্তরে একটি সংবাদ প্রচারিত হয়। পরে বিষয়টি নিয়ে আরও কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশ পায়।
প্রকাশিত ওই সংবাদে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ৮০ হাজার টাকা জরিমানা, গ্রাহকের বিরুদ্ধে মামলা এবং মামলা মীমাংসার নামে অর্থ আদায়ের অভিযোগ ওঠে জিএম জিল্লুর রহমানের বিরুদ্ধে। এ ছাড়া চারটি সাবস্টেশন নির্মাণের জন্য ভূমি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগও উঠে আসে। এদিকে পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তও শুরু হয়েছে।
অভিযোগ ও বদলির বিষয়ে জিএম জিল্লুর রহমান বলেন, বদলি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মিত কার্যক্রম; এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়।