ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের অভিযানে মো. আহসানুল হক সামি নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়।
শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আহসানুল হক সামি (২৫) পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এ সময় রহমতগঞ্জ এলাকা থেকে সামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সামি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ‘নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।