বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু 

ময়মনসিংহের নান্দাইলে নিজ বসতঘরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুনাইদ (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামে গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ একই গ্রামের চা-বিক্রেতা শামসুল হকের ছেলে।

নিহতের বাবা শামছুল হক জানান, শুক্রবার রাত ১০টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকটি নির্ধারিত ঘরে চার্জে দিয়ে তিনি রাতের খাবার খেতে বসতঘরে যান। খাবার খাওয়ার সময় তার মনে পড়ে, গাড়ির চাবিটি ইজিবাইকেই রেখে এসেছেন। তা আনতে তিনি দ্রুত ইজিবাইকের কাছে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।