পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মমিনুর রহমান বলেছেন, ‘শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টার্নশিপ, গবেষণা কার্যক্রম ও কর্মসংস্থানের জন্য উপযোগী করে তুলতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৩ ক্রেডিট সমমানের ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স।’

তিনি বলেন, ‘বর্তমান প্রযুক্তির যুগে চিন্তা-চেতনা, ধ্যান-ধারণার মধ্যে মৌলিক পরিবর্তন এসেছে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে পাঠ্যক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত না করলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রত্যাশিত স্থান করে নিতে সক্ষম হবে না।’

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কোলাবোরেশান প্রোগ্রামে ইবি উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ, রিসার্চ ও যোগ্যতা অনুযায়ী এনগেজমেন্ট তৈরি করতে এই কোর্সের আওতায় বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রিগুলো একে অপরের সঙ্গে সম্পৃক্ত ও উভয়ের চাহিদা পূরণ করতে পারে। দেশের বাহিরে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মেলবন্ধন এবং এনগেজমেন্টের মাধ্যমে উইন-উইন সিচুয়েশন তৈরি হয়। একটি হচ্ছে  ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ অন্যটি ‘ক্যারিয়ার টু ক্যাম্পাস’। আমরা সেই বিষয়টাকে সামনে রেখেই কর্মপন্থা নির্ধারণ করেছি।’

প্রোগ্রামে উপস্থিত থাকা ইন্ডাস্ট্রি প্রতিনিধিদের তিনি জানান, ‘শিল্প মালিকদের সঙ্গে রিসার্চ, অ্যাকাডেমিক এনগেজমেন্ট ও এমওইউ করার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় সদাপ্রস্তুত। আপনাদের জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার সর্বদা উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে প্রত্যেকটি ডিসিপ্লিনে ৩ ক্রেডিট ১০০ নম্বরের জন্য ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়ছে।’

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও স্বাগত বক্তা হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড.আতিকুর রহমান উপস্থিত ছিলেন।