রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-টানপাড়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি। এরই অংশ হিসেবে টানপাড়া জামতলা জামে মসজিদে মুসল্লিদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের হাতে এসব লিফলেট তুলে দেওয়া হয়। এতে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক সেবনের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে নাগরিকদের করণীয় তুলে ধরা হয়। একই সঙ্গে তরুণ ও কিশোরদের মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সোসাইটির নেতারা বলেন, একটি এলাকাকে মাদকমুক্ত করতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে এলাকাবাসীর সচেতনতা ও সামাজিক প্রতিরোধও জরুরি। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, নিকুঞ্জ-টানপাড়াকে মাদকমুক্ত করার লক্ষ্য কোনো একক ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়; এটি পুরো এলাকার মানুষের সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তাঁরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক এ এম আইয়ুব পাপ্পু, সোসাইটির নেতা আমির হোসেন, লিটু আহমেদ লিটন, রাইসুল ইসলাম তুহিন, তাসবির ইকবাল ও তামজিদ জামানসহ অন্যরা।
সোসাইটির পক্ষ থেকে বলা হয়, ‘কথায় নয়, কাজে’—এই অঙ্গীকার নিয়ে নিকুঞ্জ-টানপাড়াকে নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।