নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ সিকদার (৩৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) সকালে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ সিকদার মাগুরা জেলার শ্রীপুর থানার মালাইনগর গ্রামের মৃত আহাম্মদ আলী সিকদারের ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকার হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সকালে আনোয়ার হোসেনের নির্মাণাধীন ষষ্ঠ তলা ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন হানিফ সিকদার। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য হানিফ সিকদারের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।