সিটি ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার

তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়া-এর আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

তরুণদের সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, সঠিক অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে সক্ষম হয়ে উঠতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সেমিনারে আর্থিক সাক্ষরতা, স্মার্ট মানি ম্যানেজমেন্ট, সঞ্চয়ের অভ্যাস, ব্যাংকিং বিষয়ে সচেতনতা ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও স্মার্ট মানি ম্যানেজমেন্ট বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি তরুণদের স্বাস্থ্যকর আর্থিক অভ্যাস গড়ে তোলা, আয় ও ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি, সচেতনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি আর্থিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা তুলে ধরেন।

পাশাপাশি তিনি প্রাইম ব্যাংকের ৩১ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে ব্যাংকিং সেবার বিবর্তনের সঙ্গে তরুণ প্রজন্মের পরিবর্তিত প্রত্যাশা, সুযোগ ও দায়িত্বের বিষয়গুলো তুলে ধরেন। প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব ইসলামী ব্যাংকিং সৈয়দ মুর্তজা হাসান ব্যাংকিং বিষয়ে সচেতনতা, সঞ্চয় সংস্কৃতি ও আর্থিক অন্তর্ভুক্তির ওপর একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অব.)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী শাহাদাত কবীর, পিএইচডি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইন্টার্যাকটিভ সেশনগুলোতে শিক্ষার্থীদের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এবং দায়িত্বশীলভাবে অর্থ ব্যবস্থাপনার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও বিভিন্ন প্রশ্ন তরুণদের মধ্যে আর্থিক সক্ষমতা ও সচেতনতার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে।

প্রাইমঅ্যাকাডেমিয়ার ‘এমপাওয়ারিং ইয়ুথ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দূরত্ব কমানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে ‘কানেক্টিং ক্লাসরুমস টু বোর্ডরুমস’ ধারণায় তরুণদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাইমঅ্যাকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে নিয়মিতভাবে সম্পৃক্ত হয়ে আর্থিক সাক্ষরতা, আর্থিক অন্তর্ভুক্তি, নেতৃত্বের দক্ষতা এবং দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।