রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) এবং ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ (২৭)।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, ‘গতকাল শুক্রবার আমিনবাজার এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, সাজ্জাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে গতকাল রাতে মিরপুর এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করে শাহ আলী থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আজ শনিবার দুপুরে বলেন, ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।’
অভিযোগ অনুসারে, মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে দুই শতাধিক মানুষ স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে প্রথমেই দুজন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে।
হামলাকারীরা ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার আগে মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করে।
গত ২৪ সেপ্টেম্বর ভোররাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।