নীলফামারীতে সুজন ইসলাম (৩৪) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের মূলফটকে হট্টগোল করেছেন তাঁর স্বজন ও স্থানীয়রা। এ সময় পুলিশের কাজে বাধা দিলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সৈয়দপুর এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে। তিনি ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্বজন ও স্থানীয়রা মুক্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের মূলফটকে হট্টগোল শুরু করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) আটককৃত ২০ জনের নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশের নথি অনুযায়ী, সুজন ইসলামের বিরুদ্ধে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় মামলা হয়। একটি মামলায় ইতোমধ্যে তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা মঞ্জু, সামিউল ও আবু সামাদসহ কয়েকজনের দাবি, সুজন ভালো ও শান্ত প্রকৃতির ছেলে। একটি অসাধু চক্র তাঁকে অন্যায়ভাবে মাদক মামলায় জড়িয়েছে। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও সুজনের মুক্তির দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ডিবি পুলিশ ডিমলা এলাকার এক আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর স্বজন ও স্থানীয়রা হট্টগোল করে পুলিশের কাজে বাধা দেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে। বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, তবে এ মুহূর্তে তাঁদের বিস্তারিত নাম-ঠিকানা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।