বাংলাদেশ পর্যটন পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ পেয়েছে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ। দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তা এবং পর্যটন সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এ পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন করে।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

  • বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ: শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন
  • বর্ষসেরা পাঁচ তারকা হোটেল: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
  • বর্ষসেরা চার তারকা হোটেল: হোটেল আগ্রাবাদ
  • বর্ষসেরা তিন তারকা হোটেল: হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি
  • বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর: দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
  • বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর: শেয়ারট্রিপ লিমিটেড
  • বর্ষসেরা বিনোদন পার্ক: ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স
  • বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা: বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার
  • বর্ষসেরা হোমস্টে: চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস
  • বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর: আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)
  • বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ: বিডি টিকিটস
  • বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা: নুরানী শারমিন আফরোজ
  • বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল: এম ভি মালিশা
  • বর্ষসেরা ট্যুর গাইড: মো. সারোয়ার জাহান (মিঠু)
  • বর্ষসেরা মাইস উদ্যোগ: সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড
  • বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা: নাঈম আবির