বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক শব্দ চয়নের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জুবায়ের বলেন, শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামানের মামলার বিষয়ে ব্রিফিং করার সময় তার সম্পর্কে ওমর ফারুক ফারুকী যে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়ন করেছেন, তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিবৃতিতে জুবায়ের আরও বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য এবং দেশের একজন সম্মানিত নাগরিক। সাংবাদিকদের সামনে তার সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য দিয়ে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ ধরনের দায়িত্বে থেকে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এমন বক্তব্য দিতে পারেন না বলেও বিবৃতিতে উল্লেখ করেন জুবায়ের।

ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার জন্য অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতা।