দেশের বাজারে ২৪.২ মেগাপিক্সেলের নতুন ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ইওএস আর এইট মার্ক টু (ইওএস আর ৮ মার্ক ২) উন্মোচন করেছে ক্যানন। ক্যামেরার ওজন মাত্র ৫৪৬ গ্রাম। আছে সহজ ইন্টারফেস, উন্নত স্থিতিশীলতা প্রযুক্তি এবং ক্যাননের উচ্চতর মডেলের বেশ সুবিধা।
ক্যাননের ক্যামেরাটি ছোট ও হালকা। ক্যানন জানিয়েছে, এটি তাদের সবচেয়ে ছোট ও হালকা ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা। আকার ১৩১ দশমিক ৪দ্ধ৯০দ্ধ৭৯ দশমিক ৭ মিলিমিটার। ব্যাটারি ও মেমোরি কার্ডসহ ওজন প্রায় ৫৪৬ গ্রাম। গ্রিপও আরামদায়ক।
কম আলোতেও ভালো ছবি তোলা যায়। ফুল-ফ্রেম সেন্সর এপিএস-সি সেন্সরের তুলনায় প্রায় ২ দশমিক ৫ গুণ বেশি জায়গায় আলো ধারণ করতে পারে। এতে অতি-প্রশস্ত কোণের লেন্সে নাটকীয় ছবি তোলা কিংবা সামনে-পেছনে সুন্দর ঝাপসা ভাব তৈরি করা সহজ।
ছবি সাজানোর সুযোগ রয়েছে ক্যামেরায়। সম্পাদনা ছাড়াই পছন্দের রঙ ও আবহ তৈরি করতে ছবি ও ভিডিওর জন্য দুটি নতুন কালার ফিল্টারÑ ‘নেগেটিভ ফিল্মটোন’ ও ‘পজিটিভ ফিল্মটোন’ আছে। কনটেন্ট ক্রিয়েটর ও ভিডিও নির্মাতাদের জন্যও বেশ কয়েকটি সুবিধা আছে। ক্যামেরাটিতে ৪কে ৬০পি মানের ভিডিও এবং শব্দসহ ফুল এইচডি ১৮০পি পর্যন্ত রেকর্ড করা যায়। রঙ সংশোধনের উপযোগী ক্যানন লগ থ্রিও রয়েছে। সরাসরি সম্প্রচারের জন্য তারযুক্ত ও তারবিহীন চার ধরনের বিকল্প সুবিধা রয়েছে। লাইভ সুইচার মোবাইল অ্যাপের মাধ্যমে একাধিক অ্যাঙ্গেল থেকেও সম্প্রচার করা সম্ভব।