নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই মডেল। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আপাতত সীমিত পরিসরে মডেলটি ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, জটিল কাজ, সাইবার নিরাপত্তা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে জেমিনি ৪ আর্গন উন্নত সক্ষমতা দেখাচ্ছে। গুগলের বিভিন্ন দল ইতিমধ্যে কোডিং ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের কাজেও মডেলটি ব্যবহার করছে।
জেমিনি ৪ আর্গনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ১০ লাখ টোকেনের আউটপুট সীমা। গুগলের মতে, এর ফলে দীর্ঘ ও জটিল কাজের ক্ষেত্রে বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারবে মডেলটি।
বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষাতেও ভালো ফল করেছে জেমিনি ৪ আর্গন। ‘ভ্যালস’ নামের একটি নলেজ-ওয়ার্ক বেঞ্চমার্কে মডেলটির স্কোর ৬৮ দশমিক ৯ শতাংশ। একই পরীক্ষায় জিপিটি-৬ অ্যাস্ট্রা ৬৩ দশমিক ১ শতাংশ এবং ক্লড ফেবল ৫.১ পেয়েছে ৬৫ দশমিক ৮ শতাংশ।
কোডিংয়ের ‘ভাইব কোড বেঞ্চ’ পরীক্ষায় আর্গনের স্কোর ৯১ দশমিক ৯ শতাংশ। তবে সব পরীক্ষায় এটি এগিয়ে নেই; কিছু বেঞ্চমার্কে প্রতিদ্বন্দ্বী মডেলগুলো ভালো ফল করেছে।
সাইবার নিরাপত্তার কাজের জন্যও জেমিনি ৪ আর্গনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গুগলের দাবি, মডেলটি সফটওয়্যারের গুরুত্বপূর্ণ দুর্বলতা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত, যাচাই ও সমাধানে সহায়তা করতে পারে।
গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের ‘স্ক্যান ফর গুড’ উদ্যোগে ইতিমধ্যে মডেলটি ব্যবহার করা হচ্ছে। উইজ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় আর্গন হাসপাতালগুলোতে ব্যবহৃত স্বাস্থ্যসেবা সফটওয়্যারে ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে—এমন একটি গুরুতর দুর্বলতা শনাক্ত করেছে।
নিরাপত্তার কারণে আপাতত সবার জন্য জেমিনি ৪ আর্গন উন্মুক্ত করছে না গুগল। প্রাথমিকভাবে মার্কিন সরকার এবং গুগলের ‘ফেয়ারউইন্ড’ কর্মসূচির আওতায় নির্বাচিত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এটি ব্যবহারের সুযোগ পাবেন।
পরবর্তী সময়ে নিরাপত্তা যাচাই ও পরীক্ষকদের মতামতের ভিত্তিতে অর্থ পরিশোধকারী এপিআই গ্রাহক এবং গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য মডেলটির ব্যবহার সম্প্রসারণ করা হবে।
প্রাথমিক পর্যায়ে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ২ ডলার এবং আউটপুট টোকেনের জন্য ১০ ডলার খরচ হবে। পরে এই মূল্য যথাক্রমে ৪ ডলার ও ২০ ডলারে উন্নীত হবে। ক্যাশড ইনপুট টোকেনের ক্ষেত্রে ৯৫ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানিয়েছে গুগল।