১০ মিলিয়ন সাবস্ক্রাইবার পার করে ডায়মন্ড প্লে বাটন পেল নাটকের চ্যানেল সিএমভি। সম্প্রতি ইউটিউবে ১০ মিলিয়ন (এক কোটি) সাবস্ক্রাইবারের দীর্ঘ পথচলা অতিক্রম করায় ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে মর্যাদাপূর্ণ ‘ডায়মন্ড প্লে বাটন’ ও স্বীকৃতি সনদ লাভ করেছে প্রতিষ্ঠানটি। দেশের প্রথম শুধুই নাটকের চ্যানেল হিসেবে সিএমভি এই অনন্য সাফল্য অর্জন করল।
বৈচিত্র্যময় গল্প, দৃষ্টিনন্দন নির্মাণ ও মানসম্পন্ন আয়োজনের মাধ্যমে প্রযোজনা সংস্থাটি দীর্ঘদিন ধরে দর্শক হৃদয়ে স্থান ধরে রেখেছে। বিশেষ এই আন্তর্জাতিক অর্জনে দারুণ আনন্দিত সিএমভি পরিবার।
কৃতজ্ঞতা প্রকাশ করে সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই অর্জন আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পী, নির্মাতা, কলাকুশলী এবং সাংবাদিক ভাইদের। তবে সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রিয় দর্শকদের প্রতি। তাদের ভালোবাসা ও সমালোচনাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সময় বদলালেও দর্শককে মানসম্পন্ন কাজ দেওয়ার আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’