নতুন রূপে ‘আনন্দ বাড়ি’ প্রশংসায় অপূর্ব

রাজধানীর উত্তরার লেকড্রাইভ রোডের শুটিং হাউজ ‘আনন্দ বাড়ি’ নাম বদলে এখন ‘অ্যালবিয়ন আর্ট গ্যালারি’। প্রায় দেড় যুগ এই ভবনের দায়িত্বে থাকা মোহাম্মদ উল্লাহ ২০২৪ সালের ডিসেম্বরে বাড়িটিকে নতুনভাবে সাজান। বিশ্বখ্যাত চিত্রশিল্পীদের ক্যানভাসে সাজানো এই গ্যালারির পাশাপাশি যুক্ত হয়েছে আধুনিক কফি শপ, যেখানে মিলছে ইউরোপীয় খাবার ও পিৎজা।

তবে শিল্পচর্চা আর খাবারের আয়োজনের মধ্যেও থামেনি নাটকের ক্যামেরা। ভবনটির তৃতীয় তলায় আবারও আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে জনপ্রিয় এই শুটিং স্পট। সম্প্রতি এসআর মজুমদারের নতুন কাজের শুটিংয়ের ফাঁকে বন্ধুর আমন্ত্রণে পুরো গ্যালারি ঘুরে দেখেন অভিনেতা অপূর্ব।

দু’দশকের পুরনো বন্ধুর এমন শৈল্পিক ভাবনার ভূয়সী প্রশংসা করে অপূর্ব জানান, মেধা দিয়ে সাজানো আর্ট গ্যালারির আবহ এবং সুস্বাদু খাবারের স্বাদ যে কাউকে মুগ্ধ করবে। কাজের ব্যস্ততার মধ্যেও বন্ধুর সাড়ায় উচ্ছ্বসিত মোহাম্মদ উল্লাহ নতুন এই পথচলায় সবার ভালোবাসার প্রত্যাশা প্রকাশ করেছেন।