শিল্পকলায় ৭-৮ অক্টোবর বটতলার ‘সখী রঙ্গমালা’

বটতলার বহুল আলোচিত ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’ আবারও মঞ্চে ফিরছে। আগামী ৭ ও ৮ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির টানা দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শাহীন আখতারের বিখ্যাত উপন্যাস ‘সখী রঙ্গমালা’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। এটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। মূলত নোয়াখালী অঞ্চলের ঐতিহাসিক ও লোকজ আখ্যান ‘চৌধুরীর লড়াই’ থেকে এই গল্পের শেকড় সংগৃহীত। মানুষে-মানুষে প্রেম, সর্বপ্রাণের অধিকার এবং ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে ভালোবাসার মধ্য দিয়েই যে মুক্তি সম্ভব সেই ভিন্ন দর্শনের বার্তা ফুটে উঠেছে এই প্রযোজনায়।

উল্লেখ্য, নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় ২০২৩ সালের ২৪ জানুয়ারি ‘আলী যাকের নতুনের উৎসব’-এ নাটকটি প্রথম মঞ্চে আসে। পরবর্তী সময়ে এটি দর্শকদের মধ্যে ব্যাপক সমাদৃত হয়।

বটতলা সূত্রে জানা গেছে, নাটকের টিকেট সরাসরি নড়ঃঃধষধ.পড়স/ঃরপশবঃং থেকে সংগ্রহ করা যাবে।