১২ লাখ টাকা কর ফাঁকি, নিউজিল্যান্ড ডেইরিকে নোটিস

মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় অবস্থিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিস জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট)।

গত ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ী ভ্যাট পরিশোধের জন্য নোটিস জারি করা হয়েছে বলে জানা গেছে। এনবিআরের এলটিইউ ভ্যাটের কমিশনার সৈয়দ আতিকুর রহমানের সই করা নোটিস থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ঠিকানাযুক্ত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ফেব্রুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ মেয়াদে এবং জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে মূসক না দেওয়ার বিষয়টি উঠে আসে।

নোটিসে দেখা যায়, ফেব্রুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ মেয়াদে মসলা বিক্রির বিপরীতে অব্যাহতিপ্রাপ্ত সুবিধা ও অন্যান্য হিসাবের পর অপরিশোধিত মূসকের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ২১১ টাকা। আর দ্বিতীয় মেয়াদে, অর্থাৎ জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির অপরিশোধিত মূসক বা ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ী ভ্যাট আদায়ের লক্ষ্যে নোটিস জারি করেছে এলটিইউ-ভ্যাট। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৭৩, ৪৫ ও ১৬০-এর অধীনে ওই নোটিস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নোটিস জারির ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দাখিল করতে হবে। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর ব্যক্তিগত শুনানিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।