ট্রাম্পের সঙ্গে সস্ত্রীক তারেক রহমানের ছবি প্রকাশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউজের বরাত দিয়ে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন। তখন শুধু নৈশভোজে অংশ নেওয়ার সংবাদ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়। তবে হোয়াইট হাউজে প্রেস উইংয়ের কেউ প্রবেশ করতে না পারায় ছবি প্রকাশ করা সম্ভব হয়নি। পরে হোয়াইট হাউজের পক্ষ থেকে ছবি সরবরাহ করা হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ছবি সরবরাহ করে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে অংশগ্রহণ করেন। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অংশগ্রহণ করেন এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর একটি ছবি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশ করা হয়েছে।