বিরোধীদলীয় নেতা বললেন

সমাজের দায়িত্বও গ্রহণ করতে হবে আলেমদের

দেশ ভালো নেই এবং সাধারণ মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও গ্রহণ করতে হবে। জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রস্তুতি নিতে তিনি মুফাসসিরদের প্রতি আহ্বান জানান।

গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ দেশের আইন রচনা, পরিমার্জন ও কর্তন করে থাকে। কিন্তু অতীতে বর্তমান সংসদে কোরআন-সুন্নাহর সরাসরি লঙ্ঘনের আইন বা বিল পাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দায় ও দায়িত্ব নিয়ে সংশোধনের উদ্দেশ্যে আলেমদের কথা বলতে হবে। তবে কোনো তিরস্কার না করে ভদ্রতার সঙ্গে অন্যায় পরিহার করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাতে হবে।

তিনি বলেন, যুগে যুগে নবী-রাসুলরা পথ দেখিয়েছেন এবং ওলামায়ে কেরামকেও সেই রাহবারের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ ও নবীর পথে মানুষকে আহ্বান করার আগে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং নিজে আমল করার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে মাওলানা নুরুল আমিন এমপিকে সভাপতি ও মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি করে সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন ওলামা কমিটির সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, ড. সামিউল হক ফারুকী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মুফতি আমির হামজা এমপি।