সমাজকল্যাণমন্ত্রী বললেন

মুরব্বিরাও আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারেনি

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ১৭ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা বিভিন্নভাবে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থা ছিল তাদের মুরব্বিদের ওপর। মুরব্বিরা যত দিন তাদের ক্ষমতায় রাখতে পারবেন, তত দিনই তারা ক্ষমতায় থাকবেন এমন ধারণা ছিল তাদের। কিন্তু ৫ আগস্টের পর মুরব্বিরাও আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। এরপর তারা সেই মুরব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন।

গতকাল শনিবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজ হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী গতানুগতিক শিক্ষার বাইরে জীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি বলেন, তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করা জরুরি।